ভিয়েতনামে সরাসরি দলের সাথে যোগ দেবেন হামজা চৌধুরী, ঢাকায় শুরু হচ্ছে ক্যাম্প – DesheBideshe

ভিয়েতনামে সরাসরি দলের সাথে যোগ দেবেন হামজা চৌধুরী, ঢাকায় শুরু হচ্ছে ক্যাম্প – DesheBideshe

বাংলাদেশ, ১৩ মার্চ – চোট কাটিয়ে ইংলিশ ক্লাব লিস্টার সিটির হয়ে মাঠে ফিরেছেন হামজা চৌধুরী। ফলে চলতি মাসে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে তার খেলা নিয়ে আর কোনো সংশয় নেই।

জাতীয় দল কমিটির সভা শেষে নিশ্চিত করা হয়েছে যে আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের আগেই তিনি দলের সাথে যুক্ত হবেন। তবে তিনি ঢাকায় অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন না, বরং ২২ মার্চ সরাসরি ভিয়েতনামে দলের সাথে মিলিত হবেন। অন্যদিকে দলের অন্যান্য প্রবাসী ফুটবলাররা ঢাকার ক্যাম্পেই যোগ দিচ্ছেন।

ঘরোয়া লিগের দ্বিতীয় পর্ব শেষে আগামী ১৬ মার্চ থেকে ঢাকায় জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে। এর আগে ১৫ মার্চ শমিত, ১৪ মার্চ জায়ান আহমেদ এবং ১৬ মার্চ ফাহমিদুল হক ও তারিক কাজী ঢাকায় এসে পৌঁছাবেন। ১৬ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত টানা চার দিন ঢাকায় প্রাথমিক দলে ডাক পাওয়া ৩০ জন ফুটবলারকে নিয়ে অনুশীলন অনুষ্ঠিত হবে।

এরপর ২১ মার্চ ভিয়েতনামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ শেষে ২৭ মার্চ সিঙ্গাপুরে পৌঁছাবে বাংলাদেশ দল।

এরপর ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল সবুজ জার্সিধারীরা। বাছাইপর্ব থেকে মূল পর্বে ওঠার সমীকরণ আগেই শেষ হয়ে যাওয়ায় ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার।

তবে ফিফা র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দিতে মুখিয়ে আছে বাংলাদেশ দল।

এ এম/ ১৩ মার্চ ২০২৬



Scroll to Top