ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যদিও চিঠির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।
এনডিটিভি জানিয়েছে, এই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ডগ স্কোয়াড, ক্রাইম টিম এবং বোমা ডিসপোজাল স্কোয়াডসহ দিল্লি পুলিশের একটি দল ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন।
এসময় দূতাবাস থেকে মাত্র কয়েক মিটার দূরে একটি খালি জমিতে পুলিশ ইসরায়েলি রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে লিখা একটি চিঠি খুঁজে পায়। চিঠির সঙ্গে মোড়ানো একটি পতাকাও পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকাটি পর্যবেক্ষণ করেছে এবং উদ্ধার করা বেশ কিছু প্রমাণ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ইসরায়েলের ডেপুটি রাষ্ট্রদূত ওহাদ নাকাশ কাইনার বলেছেন, দূতাবাসের কাছাকাছি একটি বিস্ফোরণ ঘটেছে। আমাদের সমস্ত কর্মীরা নিরাপদ আছেন। আমাদের কূটনীতিকরা নিরাপদ আছেন। আমাদের নিরাপত্তা দল কাজ করছে। দিল্লির স্থানীয় নিরাপত্তা বাহিনীকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে।


অন্যদিকে ঘটনার পর মধ্য দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় চাবাদ হাউসে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। দূতাবাসের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এলাকাটি পর্যবেক্ষণ করছে পুলিশ।






