ভারতের মানচিত্রে কাশ্মীর অন্তর্ভুক্ত করে আফগান ক্রিকেট বোর্ডের প্রোমো, ক্ষুব্ধ পাকিস্তান – DesheBideshe



মানচিত্র

ইসলামাবাদ, ৮ সেপ্টেম্বর – ভারত ও আফগানিস্তানের মধ্যে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে একটি প্রোমো ভিডিও প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ভিডিওটিতে ভারতের মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও গিলগিট-বালতিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান।

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে নয়াদিল্লিতে এই সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। গত রবিবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করা হয়। সিএনএন নিউজ১৮ এর তথ্য অনুযায়ী ভিডিওতে ব্যবহৃত মানচিত্র নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে উদ্বেগ জানিয়েছে।

ইসলামাবাদ এই বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তোলার পরিকল্পনা করছে বলেও সূত্র জানিয়েছে। তবে এই বিষয়ে এখনো পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। বর্তমানে আফগানিস্তান ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।

সীমান্ত সংঘর্ষ ও সন্ত্রাসবাদ ইস্যুতে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা বিরাজমান। এমন পরিস্থিতিতে ক্রিকেট বোর্ডের এই ভিডিও নতুন করে বিতর্কের জন্ম দিল। আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের বার্তায় জানিয়েছে এই সিরিজ দুই দেশের মধ্যে নতুন সংযোগ স্থাপনের একটি বিশেষ উপলক্ষ। ম্যাচগুলোকে দুই দেশের ইতিহাস এবং সংস্কৃতির মিলনস্থল হিসেবেও বর্ণনা করা হয়েছে। আগামী ১৩, ১৫ এবং ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এস এম/ ৮ সেপ্টেম্বর ২০২৬

Scroll to Top