পাল্লেকেলে, ২৫ ফেব্রুয়ারি – পাল্লেকেলেতে অনুষ্ঠিত টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।
সুপার এইট পর্বে এটি ইংলিশদের টানা দ্বিতীয় জয়।অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে একটি পরিত্যক্ত ও একটি হারে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে পাকিস্তান দল।
ম্যাচটিতে হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে সতীর্থদের ব্যর্থতার মধ্যেও ১৬৫ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করে ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির তোপের মুখে পড়ে ইংলিশরা। দলীয় ৩৫ রানে ৩টি এবং ৫৮ রানে ৪টি উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। ফিল সল্ট, জস বাটলার এবং জ্যাকব বেথেল দ্রুত সাজঘরে ফেরেন। তবে এক প্রান্ত আগলে রেখে পাল্টা আক্রমণ শুরু করেন হ্যারি ব্রুক। তিনি ২৮ বলে অর্ধশতক পূর্ণ করার পর ৫০ বলে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি।
৫১ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ১০০ রানের ইনিংস খেলে যখন তিনি আউট হন, তখন ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ ওভারে মাত্র ১০ রান। শেষদিকে মোহাম্মদ নওয়াজের জোড়া আঘাতে কিছুটা নাটকীয়তা তৈরি হলেও জোফরা আর্চার শেষ ওভারে বাউন্ডারি হাঁকিয়ে ৫ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাহিবজাদা ফারহানের ৬৩ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৬৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। এছাড়া বাবর আজম ২৫ এবং শেষদিকে শাদাব খান ১১ বলে ২৩ রান করেন।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে লিয়াম ডসন ৩টি এবং জোফরা আর্চার ও জেমি ওভারটন ২টি করে উইকেট শিকার করেন।
এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬





