
নিউ জার্সি, ১৩ জুন – ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় আজ শনিবার দিবাগত রাত ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ ‘সি’ এর ম্যাচে আফ্রিকার শক্তিশালী দল মরক্কোর মুখোমুখি হবে সেলেসাওরা।
বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে ব্রাজিল ও আর্জেন্টিনা সবসময়ই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। ১১ জুন বিশ্বকাপ পর্দা উঠলেও মূলত আজকের ম্যাচ দিয়েই দেশের সমর্থকদের মধ্যে বিশ্বকাপের আমেজ পূর্ণতা পাচ্ছে।
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের হতাশা ভুলে নতুন উদ্যমে টুর্নামেন্টে নামছে ব্রাজিল। অন্যদিকে ২০২২ বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছানো মরক্কো আবারও বড় চমক দেখানোর প্রত্যাশায় মাঠে নামবে।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল ১৯৩০ সালের প্রথম আসর থেকে প্রতিটি টুর্নামেন্টে অংশ নেওয়া একমাত্র দেশ। এখন পর্যন্ত ১১৪টি ম্যাচ খেলে ৭৪টিতে জয় এবং পাঁচটি শিরোপা জিতেছে দক্ষিণ আমেরিকার দলটি। তবে ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি তারা। বর্তমানে তাদের ২৪ বছরের শিরোপা খরা চলছে যা ১৯৭০ থেকে ১৯৯৪ সালের দীর্ঘ অপেক্ষার সমান। সেই খরা শেষ হয়েছিল যুক্তরাষ্ট্রের মাটিতেই যা এবার ব্রাজিল সমর্থকদের নতুন আশার জন্ম দিয়েছে।
গত বছর ব্রাজিল ফুটবল কনফেডারেশন ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের দায়িত্ব দেয়। দেশের ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নিয়ে নতুন চ্যালেঞ্জ উপভোগ করছেন অভিজ্ঞ এই কোচ।
বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা ব্রাজিল আফ্রিকান দলের বিপক্ষে বিশ্বকাপে বেশ সফল। আফ্রিকার প্রতিনিধিদের বিরুদ্ধে তাদের আট ম্যাচের মধ্যে সাতটিতেই জয় এসেছে।
অন্যদিকে মরক্কো সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে। ফিফা র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে থাকা দলটি বর্তমানে নেদারল্যান্ডস ও জার্মানির মতো দলগুলোর চেয়েও এগিয়ে রয়েছে।
দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে ২০২৩ সালের মার্চে প্রীতি ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল মরক্কো। ফলে বিশ্বকাপের মঞ্চে আজকের ম্যাচে ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
এনএন/ ১৩ জুন ২০২৬







