
রোম, ২৭ জুলাই – রাশিয়ান একটি বেটিং কোম্পানির সঙ্গে সম্পৃক্ততার জেরে বিতর্কের মুখে পড়ে ইতালির জাতীয় দলের প্রধান কোচ হওয়ার দৌড় থেকে ছিটকে গেছেন সাবেক ফুটবল কিংবদন্তি আন্দ্রেয়া পিরলো। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়া ইতালির হাল ধরার ক্ষেত্রে পিরলোর নাম জোরেশোরে শোনা যাচ্ছিল।
সাবেক এই মিডফিল্ডারকে নিয়ে বিতর্কের সূত্রপাত হয় একটি বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে তার সংশ্লিষ্টতা প্রকাশের পর। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইতালীয় জাতীয় অলিম্পিক কমিটির সভাপতি জিওভান্নি মালাগো শীর্ষ এই পদের জন্য পিরলোর নাম সরাসরি নাকচ করে দিয়েছেন।
এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পিরলো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে পিরলো বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ফেডারেশন এবং এর সঙ্গে জড়িত সবার প্রতি সম্মান জানিয়ে আমি এতদিন নীরব ছিলাম।
তবে গতকাল রাতে যখন জানলাম যে আমি আর ইতালীয় জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে নেই, তখন কিছু বিষয় পরিষ্কার করা নিজের দায়িত্ব বলে মনে করছি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের প্রো লিগ ক্লাব দুবাই ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে দায়িত্বরত পিরলো তার পেশাদার সহযোগিতার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন।
তিনি জানান, বিতর্কের কেন্দ্রে থাকা ওই বাণিজ্যিক চুক্তিটি আরব আমিরাতে তার কাজের অভিজ্ঞতার একটি অংশ এবং এটি সম্পূর্ণ ক্রীড়া সংক্রান্ত বিষয়। পিরলো তার বিবৃতিতে আরও বলেন, আমার প্রতি আস্থা প্রদর্শনের জন্য আমি মালদিনি ও লিওনার্দোকে ধন্যবাদ জানাতে চাই।
ইতালীয় ফুটবলের প্রতি তাদের ভালোবাসা ও দক্ষতার কথা সবাই জানে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি ক্রীড়া সংক্রান্ত সিদ্ধান্তকে অহেতুক জনসমক্ষে বিতর্কের বিষয়বস্তু বানানো হয়েছে এবং এমন সব উদ্দেশ্য তার ওপর চাপানো হয়েছে যা তার সাথে কোনোভাবেই প্রাসঙ্গিক নয়।
এস এম/ ২৭ জুলাই ২০২৬







