ভারতের বেঙ্গালুরুর একটি জনপ্রিয় রেস্টুরেন্টে বোমা হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, গতকাল (১ মার্চ) স্থানীয় সময় শুক্রবার দুপুরে ভারতের বেঙ্গালুরুর ব্রুকফিল্ড এলাকায় রামেশ্বরম ক্যাফে নামক একটি রেস্টুরেন্টে আকস্মিক বোমা হামলার ঘটনা ঘটে। এসময় ক্যাফেতে উপস্থিত বেশ কয়েকজন গ্রাহক ভয়ে ছুটে পালিয়ে যান।
ক্যাফেতে রাখা একটি ব্যাগ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। ইতিমধ্যেই রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একজন সন্দেহভাজনকে ব্যাগের মালিক হিসেবে শনাক্ত করা হয়েছে।
ঘটনার পর সন্ত্রাস বিরোধী অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ ও বিস্ফোরক পদার্থ আইনে একটি এফআইআর দায়ের করেছে ভারতীয় পুলিশ। এই ঘটনার তদন্তের জন্য ভারতের জাতীয় সন্ত্রাস-বিরোধী তদন্ত সংস্থার (এনআইএ) দল, বোম্ব স্কোয়াড এবং ফরেনসিক ল্যাবরটেরি ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের অবস্থা সঙ্কটজনক নয়।






