ফাল্গুনের দ্বিতীয় দিনের বিকেলে আয়োজন করা হয় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতেই বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী চিত্রকর্ম আয়োজনের পেছনের গল্প তুলে ধরেন। তিনি বলেন, বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক সুবীর চৌধুরীর স্মরণে ২০১৫ সালে ‘সুবীর চৌধুরী গ্রান্ট’ চালু করে বেঙ্গল ফাউন্ডেশন। তার আওতায় এই প্রদর্শনী আয়োজন করতে পেরে তাঁরা আনন্দিত।
শিল্পী আনিসুজ্জামান সোহেল, ইমরান সোহেল, প্রমথেশ দাস পুলক, নাজমুন নাহার কেয়া এবং শিমুল দত্তের শিল্পকর্ম নিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। অ্যাক্রেলিক, নিউ মিডিয়া, ভাস্কর্য, ভিডিও আর্ট, স্কাল্পচার, জলরং, ড্রয়িং, মৃৎশিল্পসহ বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে।



