রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজারের বাসিন্দা শাহজালাল উদ্দিন (৩৪) ও তার স্ত্রী এবং সন্তান মারা গেছেন।
শুক্রবার (০১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে একটি ফেসবুক পেজের পোস্ট থেকে প্রথমে নিহত শাহজালালের স্ত্রী মেহেরুন্নেসা হেলালী মিনা ও সন্তান ফায়রুজ কাশেম জামিরা মরদেহ শনাক্ত করতে পারে তার পরিবার। পরে নিহত শাহজালালের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গ হতে শনাক্ত করা হয়।
শাহজালাল উদ্দিন মরিচ্যা বাজারের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ২য় পুত্র। তিনি নারায়ণগঞ্জ পানগাঁও কাস্টম হাউসের কাস্টম অফিসার হিসেবে চাকুরিরত ছিলেন। তার স্ত্রী মেহেরুন্নেসা হেলালী মিনা রামুর ফতেকারকুল ইউনিয়নের বাসিন্দা মোক্তার হেলালীর কন্যা বলে জানা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, তারা স্বপরিবারে ঢাকার বেইলি রোডের একটি খাবারের দোকানে খেতে গিয়েছিলেন। এরপর গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে অগ্নি দুর্ঘটনার শিকার হন।
শাহজালাল ও তার স্ত্রী সন্তানের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। মরদেহ আনতে ইতোমধ্যে নিহত শাহজালালের বড় ভাই হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু ও তার পরিবারের অন্যান্য সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।





