ঢাকা, ১৫ জানুয়ারি – একের পর এক বিতর্কিত মন্তব্যে চাপের মুখে পড়েছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। সর্বশেষ ক্রিকেটারদের বেতন ও ক্ষতিপূরণ নিয়ে তার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এর জেরে নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছে সংগঠনটি। দাবি না মানা হলে আজ (বৃহস্পতিবার) বিপিএলের ম্যাচ শুরুর আগেই সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছে ক্রিকেটাররা।
গতকাল (বুধবার) বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম বলেন, বিশ্বকাপ না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে ক্রিকেটারদেরই। তিনি বলেন, খেললে ক্রিকেটাররা ম্যাচ ফি, ম্যাচসেরার পুরস্কার ও পারফরম্যান্স অনুযায়ী অর্থ পায়—এগুলো পুরোপুরি ক্রিকেটারদের প্রাপ্তি। বোর্ডের লাভ-ক্ষতি নেই। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ক্রিকেটাররা যদি মাঠে গিয়ে কিছুই করতে না পারে, তাহলে বোর্ড কি তাদের পেছনে খরচ করা কোটি কোটি টাকা ফেরত চায়?
এই মন্তব্যের পর রাতেই কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এক জুম সংবাদ সম্মেলনে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক এভাবে কথা বলতে পারেন না। তাই তাৎক্ষণিকভাবে এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করা হচ্ছে। দাবি পূরণ না হলে বিপিএলের ম্যাচসহ কোনো ধরনের ক্রিকেট খেলবেন না ক্রিকেটাররা।
মিঠুনের ঘোষণার পর রাতভর ক্রিকেটারদের টিম হোটেলে বিসিবির কয়েকজন পরিচালক বৈঠক করেন। তবে সেখানে কোনো সমাধান হয়নি। বোর্ডের পক্ষ থেকে সময় ও আশ্বাস চাওয়া হলেও ক্রিকেটাররা তা প্রত্যাখ্যান করেছেন।
বৃহস্পতিবার সকালে এ প্রতিবেদককে মিঠুন বলেন, “আমরা আমাদের সিদ্ধান্তে অনড়। উনি (নাজমুল ইসলাম) থাকাকালীন মাঠে নামার সুযোগ নেই। সব ক্রিকেটার এই সিদ্ধান্তের সঙ্গে একাত্ম। আজকের প্রথম ম্যাচ যদি না হয়, এরপর আমরা সংবাদ সম্মেলন করে পরবর্তী পদক্ষেপ জানাব।”
এ বিষয়ে বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেটাই এখন দেশের ক্রিকেটের বড় প্রশ্ন।
এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬





