ঢাকা, ২৩ মার্চ – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোখসেদুল কামাল। এর আগে তিনি একই কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। বর্তমান বোর্ড গঠনের পর থেকে মিডিয়া কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন আমজাদ হোসেন। এবার তাকে সরিয়ে মোখসেদুল কামালকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি ওয়েলফেয়ার কমিটির সভাপতির পদটিও ধরে রাখছেন। দীর্ঘ সময় ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত থাকা মোখসেদুল কামাল বর্তমানে স্টার নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও হিসেবে কাজ করছেন।
এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি রাজশাহী ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কাজ করেছেন। উল্লেখ্য বিসিবির সর্বশেষ নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ৭৬ ভোটের মধ্যে ৪১ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছিলেন তিনি। মজার ব্যাপার হলো সাবেক মিডিয়া কমিটি প্রধান আমজাদ হোসেনও সমান ৪১ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এবং পবিত্র ঈদের পর তার দেশে ফেরার কথা রয়েছে।
এস এম/ ২৩ মার্চ ২০২৬






