বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

ঢাকা: আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, বিসিবির নির্বাচন প্রক্রিয়ায় তারা হস্তক্ষেপ করবেন না।

রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর আগে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি আগামী ৭ জুনের বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন দায়ের করেন।

শুনানি শেষে ব্যারিস্টার মাহিন এম রহমান সাংবাদিকদের জানান, আদালত স্পষ্টভাবে বলেছেন যে, বিসিবির নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না।

এর মধ্যে শনিবার (১৬ মে) তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্যের এডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে আরেকটি রিট আবেদন করা হয়। সাবেক ক্রিকেটার ও বিসিবির কয়েকজন কর্মকর্তাসহ মোট ১২ জন এ আবেদন করেন।

আবেদনকারীদের মধ্যে দেশের ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখ আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলট রয়েছেন।

Scroll to Top