নতুন বছরে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের চুক্তিতে জায়গা পেয়েছেন মোট ২৮ জন। মোট পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ২৮ ক্রিকেটারকে।
সিনিয়র, জুনিয়র, পারফরম্যান্সের গ্রাফ এবং জাতীয় দলে কয়টি ফরম্যাটে খেলেন এসব বিবেচনা করে সাধারণত ক্যাটাগরি নির্ধারণ করা হয়। এবারের চুক্তিতে ‘এ’ প্লাস ক্যাটাগরি নেই। গতবার একমাত্র ক্রিকেটার হিসেবে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে জায়গা পেয়েছিলেন তাসকিন আহমেদ।
তাসকিন এবার নেমে এসেছেন ‘এ’ ক্যাটাগরিতে। তাসকিনসহ ‘এ’ ক্যাটাগরিতে আছেন মোট ৪ জন ক্রিকেটার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ১১ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৬ জন আর ‘ডি’ ক্যাটাগরিতে আছেন ৭ জন।
কোন খেলোয়াড়ের বেতন কত
গ্রেড এ: মাসিক বেতন ৮,০০,০০০ (আট লাখ) টাকা। ‘এ’ ক্যাটাগরিতে থাকা চার ক্রিকেটার হলেন- নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। এর মধ্যে নাজমুল টেস্ট দলের অধিনায়ক, মিরাজ ওয়ানডের, লিটন টি-টোয়েন্টির।
গ্রেড বি: মাসিক বেতন ৬,০০,০০০ (ছয় লাখ) টাকা। ‘বি’ ক্যাটাগরিতে আছেন সর্বোচ্চ ১১ ক্রিকেটার। তাঁরা হচ্ছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
গ্রেড সি: মাসিক বেতন ৪,০০,০০০ (চার লাখ) টাকা। ‘সি’ ক্যাটাগরিতে আছেন সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, তানজিম হাসান, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ।
গ্রেড ডি: মাসিক বেতন ২,০০,০০০ (দুই লাখ) টাকা। আর ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সাইফ হাসান, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন ও নুরুল হাসান।



