বিসিবির অ্যাড-হক কমিটির প্রথম সভা, আইসিসিতে প্রতিনিধিত্ব করবেন তামিম – DesheBideshe

বিসিবির অ্যাড-হক কমিটির প্রথম সভা, আইসিসিতে প্রতিনিধিত্ব করবেন তামিম – DesheBideshe


বিসিবির অ্যাড-হক কমিটির প্রথম সভা, আইসিসিতে প্রতিনিধিত্ব করবেন তামিম – DesheBideshe

ঢাকা, ৮ এপ্রিল – মাত্র ছয় মাসের মাথায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা বিসিবির সর্বশেষ নির্বাচিত কমিটি ভেঙে দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি জানিয়েছে যে, নির্বাচনে সরকারি হস্তক্ষেপ, ই-ভোটিং প্রক্রিয়ায় কারচুপি এবং বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাড-হক কমিটি গঠন করা হয়েছে।

অক্টোবরে অনুষ্ঠিত বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগে তামিমসহ ক্রীড়া সংগঠকদের একটি বড় অংশ সরে দাঁড়িয়েছিলেন। এখন তিনি নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। গতকাল মঙ্গলবার তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অ্যাড-হক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কমিটির সদস্য তানজিল চৌধুরীকে বিসিবির মুখপাত্র হিসেবে মনোনীত করার বিষয়টি নিশ্চিত করেন সভাপতি তামিম। এখন থেকে বিসিবির বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করবেন তানজিল।

প্রথম সভার সিদ্ধান্ত প্রসঙ্গে তানজিল জানান, দাপ্তরিক কাজ পরিচালনার জন্য ব্যাংকের সিগনেটরি নির্ধারণ করা হয়েছে। ম্যানেজমেন্ট থেকে হেড অব ফিন্যান্স এবং প্রধান নির্বাহী কর্মকর্তা থাকবেন। অন্যদিকে পরিচালনা পর্ষদ থেকে সভাপতি তামিম ইকবাল এবং ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সিগনেটরি হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন এই অ্যাড-হক কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস। এই সময়ের মধ্যে তারা একটি নতুন নির্বাচনের আয়োজন করবেন। পাশাপাশি আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলে বা এসিসিতে পদাধিকার বলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তামিম।

তানজিল চৌধুরী জানান, বোর্ড থেকে আইসিসি এবং এসিসিতে প্রতিনিধিত্ব থাকা বাধ্যতামূলক। এই কারণে সভাপতি তামিম ইকবালকে মনোনীত করা হয়েছে। তবে আইসিসির পরামর্শ অনুযায়ী যেহেতু এটি একটি অ্যাড-হক কমিটি, তাই প্রধান নির্বাহী কর্মকর্তাকেও সঙ্গে রাখার বিষয়টি অনুমোদন করা হয়েছে।

আগামী বুধবার দুই সংস্করণের সিরিজ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে আসবে। আসন্ন এই সিরিজের প্রস্তুতি এবং আইনি পরামর্শক নিয়োগের বিষয়ে তানজিল জানান, নিউজিল্যান্ড সফরের প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তারা অবগত হয়েছেন। আগামী সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। লিগ্যাল কাউন্সিলের সিদ্ধান্ত নিয়েও বুধবারের পরবর্তী সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।

এস এম/ ৮ এপ্রিল ২০২৬



Scroll to Top