
তেহরান, ৯ জুন – আসন্ন ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই দিন বাকি থাকলেও বড় ধরনের ধাক্কা খেল ইরান। টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে আকস্পিকভাবে ইরানি সমর্থকদের জন্য বরাদ্দকৃত সব টিকিট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর ফলে ভিসা জটিলতা কাটিয়ে ভ্রমণের প্রস্তুতি নেওয়া হাজার হাজার ইরানি সমর্থক মাঠে বসে খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন।
মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানি ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে। বিশ্বকাপের মতো বড় আসরে ফিফার এমন সিদ্ধান্তকে ফুটবলের চেতনা পরিপন্থী এবং নোংরা রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে অভিহিত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দেশটি।
সাধারণত ফিফার নিয়ম অনুযায়ী প্রতিটি দেশ তাদের ম্যাচের মোট টিকিটের আট শতাংশ অফিশিয়াল কোটা হিসেবে পায়। ইরান ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই সেই টিকিটগুলো সমর্থকদের মধ্যে বণ্টন করার প্রক্রিয়া শুরু করেছিল।
ক্ষুব্ধ ফেডারেশন তাদের বিবৃতিতে জানিয়েছে যে সকল নিয়ম মেনেই ইরানি সমর্থকরা তাদের প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। আইনসম্মত অধিকার থেকে সমর্থকদের বঞ্চিত করা আন্তর্জাতিক প্রতিযোগিতার সমতার নীতির সম্পূর্ণ পরিপন্থী।
যদিও ফিফা বা অন্য কোনো পক্ষের নাম সরাসরি উল্লেখ করা হয়নি তবুও এই ঘটনার পেছনে খেলাধুলার বাইরের রাজনৈতিক কারণ জড়িত বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে বিরাজমান উত্তেজনার প্রভাব পড়েছে ফুটবল বিশ্বকাপেও। নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ইরান দল তাদের বেস ক্যাম্প আমেরিকার অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর টিজুয়ানাতে নিতে বাধ্য হয়।
গত ৭ জুন দলটি মেক্সিকোতে পৌঁছালেও দলের সব স্টাফ এখনো ভিসা পাননি বলে জানা গেছে।
আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই আসরে ইরান গ্রুপ জি তে খেলবে। ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে দলটি।
এনএন/ ৯ জুন ২০২৬







