বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানির দায়িত্ব নিলেন ক্লপ

বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানির দায়িত্ব নিলেন ক্লপ

বিশ্বকাপ ব্যর্থতার পর সরে দাঁড়িয়েছিলেন দলের কোচ জুলিয়ান নাগলসমান। কে নেবেন জার্মানদের দায়িত্ব, সেটাই ছিল বড় প্রশ্ন। শেষ পর্যন্ত এই দায়িত্ব উঠল সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের কাঁধে।জার্মানিকে আবার সঠিক রাস্তায় ফেরাতে আগামী চার বছরের জন্য জাতীয় দলের প্রধান কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ৫৯ বছর বয়সী এই জার্মান কোচ।

বিবিসি স্পোর্টস জানিয়েছে, ২০২৮ সালের ইউরো এবং ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত ডাগআউটে থাকবেন ক্লপ। আগামী ২৪ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মানির কোচ হিসেবে তার অভিষেক হবে। ক্লপের সঙ্গে তার সাবেক লিভারপুল সহকারী পেপ লিন্ডার্স ও পেটার ক্রাভিয়েটজও কোচিং স্টাফে যোগ দিচ্ছেন।

ডর্টমুন্ড ও লিভারপুলে চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ জয়ী ক্লপের এই নিয়োগকে জার্মানির ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) বড় সাফল্য হিসেবে দেখছে। ডিএফবি সভাপতি বার্নড নিউয়েনডর্ফ জানান, ক্লপের মাঝে আবেগ ও বিশ্বাসের দারুণ মেলবন্ধন রয়েছে। এ কারণে নাগেলসমানের পর ফেডারেশনের প্রথম এবং একমাত্র পছন্দই ছিলেন ক্লপ। এছাড়া দেশটির প্রভাবশালী ফুটবল ম্যাগাজিন কিকার-এর এক জরিপে ৮০ শতাংশ পাঠক ক্লপের এই নিয়োগকে সঠিক বলে রায় দিয়েছেন।

ক্লপের এই আগমন নিয়ে জার্মান ফুটবল ভক্তদের মাঝে তীব্র বিতর্কও তৈরি হয়েছে। ২০২৪ সালে রেড বুলের গ্লোবাল সকারের প্রধান হিসেবে ক্লপের যোগ দেওয়াটা ভালোভাবেই নেননি জার্মান সমর্থকরা। বাণিজ্যিক স্বার্থের কারণে রেড বুলকে জার্মান ফুটবলে সবসময় সন্দেহের চোখে দেখা হয়। এমনকি জার্মানির কোচ হওয়ার পরও তিনি রেড বুলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকতে পারেন- এমন গুঞ্জনে ভক্ত ও সমর্থক গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে বায়ার্ন মিউনিখের সাবেক তারকা বাস্তিয়ান শোয়াইনস্টেগার মনে করেন, ক্লপ হয়তো সাময়িকভাবে দলকে চাঙ্গা করতে পারবেন, তবে এটি জার্মান ফুটবলের গভীরে প্রোথিত সমস্যার আসল সমাধান নয়। তার মতে, এটি ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টামাত্র। ক্লপ নিজেও স্বীকার করেছেন যে, শুধু কোচ বদলালেই জার্মান ফুটবলের এই ভঙ্গুর দশা কাটবে না, এর জন্য প্রয়োজন সামগ্রিক সংস্কার।

সেপ্টেম্বরে নেদারল্যান্ডসের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া এই যাত্রায় জার্মানিকে খাদের কিনারা থেকে ক্লপ কোথায় নিয়ে যেতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

Scroll to Top