ইসলামাবাদ, ২ ফেব্রুয়ারি – ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সরকারের বেছে বেছে ম্যাচ খেলার সম্ভাব্য সিদ্ধান্তের বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নজরে এসেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো চিঠি না পেলেও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এই অবস্থানে বেশ অসন্তুষ্ট।
আইসিসি মনে করে একটি বৈশ্বিক টুর্নামেন্টে সব দল সমান সুযোগ ও নিয়ম মেনে খেলবে এবং এটাই স্বাভাবিক। কিন্তু পাকিস্তান যদি নিজেদের পছন্দমতো কিছু ম্যাচে অংশ নেয় তবে সেটি টুর্নামেন্টের মূল চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ন করবে।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে তারা যেকোনো দেশের সরকারি নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তবে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য যেমন ভালো হবে না তেমনি পাকিস্তানসহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তের জন্যও তা হতাশার কারণ হবে।
পাকিস্তানকে সতর্ক করে আইসিসি বলেছে এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান ক্রিকেটের ওপর দীর্ঘমেয়াদি ও নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ হিসেবে সংস্থাটি উল্লেখ করেছে যে পিসিবি নিজেই বিশ্ব ক্রিকেট কাঠামোর একটি বড় অংশ এবং এর সুফলভোগী। আইসিসির প্রধান লক্ষ্য হলো সফলভাবে বিশ্বকাপ আয়োজন করা।
সংস্থাটি আশা প্রকাশ করছে যে পিসিবি এই সংকটের এমন একটি সমাধান খুঁজে বের করবে যাতে শেষ পর্যন্ত ক্রিকেটের স্বার্থই রক্ষা পায়।
এনএন/ ২ ফেব্রুয়ারি ২০২৬





