বিশ্বকাপে জার্সিতে সাত তারকা ব্যবহার করা যাবে না, মিশরকে সতর্ক করল ফিফা – DesheBideshe

বিশ্বকাপে জার্সিতে সাত তারকা ব্যবহার করা যাবে না, মিশরকে সতর্ক করল ফিফা – DesheBideshe


বিশ্বকাপে জার্সিতে সাত তারকা ব্যবহার করা যাবে না, মিশরকে সতর্ক করল ফিফা – DesheBideshe

ওয়াশিংটন, ১৪ জুন – বিশ্বকাপের শিরোপা না জিতেও জাতীয় দলের জার্সিতে সাতটি তারকা ব্যবহার করায় মিশর ফুটবল দলকে সতর্ক করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি জানিয়েছে যে বিশ্বকাপের ম্যাচে সাত তারকাসংবলিত জার্সি পরে মাঠে নামতে পারবে না মিশর।

আফ্রিকা কাপ অব নেশন্সে রেকর্ড সাতবার চ্যাম্পিয়ন হওয়ার স্মারক হিসেবে দীর্ঘদিন ধরেই নিজেদের জার্সিতে সাতটি তারকা ব্যবহার করে আসছিল দেশটি। তবে চলতি বছরের শুরুতে ফিফা মিশর ফুটবল অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে অবহিত করে এবং কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমাকে নকশায় পরিবর্তন আনার নির্দেশ দেয়।

মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের মিডিয়া কর্মকর্তা মোহামেদ মোরাদ ছাবেত জানান যে এটি ছিল একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। চার মাস আগেই ফিফা তাদের জানিয়েছিল যে বিশ্বকাপের ম্যাচে জাতীয় দলের জার্সিতে মহাদেশীয় সাফল্যের প্রতীক হিসেবে তারকা প্রদর্শন করা যাবে না।

তিনি আরও বলেন যে এটি শুধুই একটি আনুষ্ঠানিক নোটিফিকেশন ছিল এবং তারা বিষয়টি আগেই অনুমান করে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। সাধারণত বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন ঐতিহাসিক সাফল্য স্মরণে জার্সিতে তারকা যুক্ত করে।

তবে বিশ্বকাপের ক্ষেত্রে ফিফার নীতিমালা অনুযায়ী জার্সিতে কেবল বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবেই তারকা ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম উরুগুয়ে। দেশটির চার তারকার মধ্যে দুটি বিশ্বকাপ জয়ের এবং বাকি দুটি অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জয়ের স্বীকৃতি হিসেবে ব্যবহৃত হয়।

ওই অলিম্পিক আসরগুলো ফিফার তত্ত্বাবধানে হওয়ায় এ ব্যতিক্রম অনুমোদিত। দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বকাপে ফিরছে মিশর। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। এর আগে ১৯৩৪ ও ১৯৯০ সালেও অংশ নিলেও এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো ম্যাচ জয়ের স্বাদ পায়নি উত্তর আফ্রিকার দলটি।

আসন্ন বিশ্বকাপে সোমবার বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে মিশর। এরপর তারা নিউজিল্যান্ড ও ইরানের মুখোমুখি হবে।

এস এম/ ১৪ জুন ২০২৬



Scroll to Top