বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের – DesheBideshe

বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের – DesheBideshe

ইসলামাবাদ, ২ ফেব্রুয়ারি – আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। অবশেষে বোর্ডের সঙ্গে আলোচনার পর পাকিস্তান সরকার জাতীয় দলকে বিশ্বকাপে খেলার অনুমতি প্রদান করেছে। তবে টুর্নামেন্টে অংশ নিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

রোববার এক আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তান সরকার বিশ্বকাপে অংশগ্রহণ এবং ভারত ম্যাচ বয়কটের বিষয়টি নিশ্চিত করেছে।

মূলত বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদেই এমন কঠোর পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।

সরকারি বিবৃতিতে জানানো হয় যে পাকিস্তান ক্রিকেট দল ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে। তবে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।

এর আগে গত ২৬ জানুয়ারি ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন পিসিবি প্রধান মহসিন নাকভি। সেই বৈঠকেই বিশ্বকাপে দলের অংশগ্রহণের বিষয়ে সরকারের পক্ষ থেকে দিকনির্দেশনা দেওয়া হয় এবং এবার আনুষ্ঠানিকভাবে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা এলো।

ঘটনার সূত্রপাত বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নিরাপত্তা শঙ্কার অজুহাতে এই পেসারকে বাদ দেয়।

পরবর্তীতে একই কারণ দেখিয়ে বাংলাদেশও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের পরিবর্তে সহ আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো স্থানান্তরের জন্য বিসিবির পক্ষ থেকে আইসিসিকে অনুরোধ করা হয়েছিল।

তবে একাধিকবার আলোচনার পরও আইসিসি বাংলাদেশের দাবি মেনে নেয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় আইসিসি। শুরু থেকেই আইসিসির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে পিসিবি এবং তারই ধারাবাহিকতায় এবার ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হলো।

এনএন/ ০২ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top