বিপিএল বন্ধ হলে সব ধরনের ক্ষতিপূরণ বিসিবিকেই দিতে হবে – DesheBideshe

বিপিএল বন্ধ হলে সব ধরনের ক্ষতিপূরণ বিসিবিকেই দিতে হবে – DesheBideshe

ঢাকা, ১৫ জানুয়ারি – মনে করা হচ্ছিল পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হবে। বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা কোয়াবের দাবির মুখে হয়তো বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ করবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি তা করেননি। যাকে ঘিরে ক্রিকেটারদের আপত্তি, তাকে বোর্ড পরিচালক পদ থেকে সরানো না হলেও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে বিসিবি।

এর প্রথম ধাপে নাজমুল ইসলামকে শোকজ করা হয়েছে। পাশাপাশি তাকে বিসিবির অর্থ কমিটি থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।

তবে এসব পদক্ষেপে সন্তুষ্ট নয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তাদের একটাই দাবি, নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে, না হলে তাকে পদচ্যুত করতে হবে।

কিন্তু বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট কিছু বিশেষ কারণ ছাড়া কোনো পরিচালককে শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে পদ থেকে সরানোর সুযোগ নেই। সে কারণে বিসিবি শোকজ করা এবং অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি নাজমুল ইসলামের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

এরপরও পরিস্থিতির কোনো ইতিবাচক সমাধানের আভাস মিলছে না। ক্রিকেটারদের আন্দোলন ও দাবির কারণে পুরো পরিস্থিতি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এই অবস্থা চলতে থাকলে বিসিবি বাধ্য হয়ে বিপিএল বন্ধ করে দিতে পারে—এমন আলোচনা শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় শোনা যাচ্ছে।

এর মধ্যেই সামনে এসেছে আরেকটি নতুন তথ্য। বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বশীল এক কর্মকর্তা বৃহস্পতিবার রাতে এ প্রতিবেদককে জানান, ক্রিকেটাররা আরও একটি আল্টিমেটাম দিয়েছে। নাজমুল ইসলাম ইস্যুতে যদি বিপিএল সত্যিই বন্ধ হয়ে যায়, তাহলে ক্রিকেটার, কোচ, সাপোর্টিং স্টাফসহ সংশ্লিষ্ট সবার পাওনা অর্থ বিসিবিকেই পরিশোধ করতে হবে। এই অর্থের পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা।

বিসিবির এক শীর্ষ কর্মকর্তা এ প্রতিবেদককে আরও জানান, কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন তাকে বলেছেন, তারা হয়তো মাঠে ফিরে আসতে পারতেন এবং ৪৮ ঘণ্টা অপেক্ষা করতেন, কিন্তু সে রকম পরিস্থিতি তৈরি হয়নি। বর্তমানে যে অস্বাভাবিক অবস্থা তৈরি হয়েছে, তাতে এই জায়গায় এসে যদি বিপিএল বন্ধ হয়ে যায়, তার দায় বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলকেই নিতে হবে এবং সব ধরনের পেমেন্ট বিসিবিকেই পরিশোধ করতে হবে।

এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬



Scroll to Top