বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান শান্ত-মিরাজ-তাসকিনদের – Sarabangla

দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। প্রয়োজন ছাড়া বিদ্যুৎ ব্যবহার না করার পাশাপাশি নবায়নযোগ্য শক্তির ওপর নির্ভরতা বাড়ানোর বার্তা দিয়েছেন তারা।

বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত একটি সচেতনতামূলক বার্তায় জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার বার্তা তুলে ধরেন তাসকিন আহমেদ। দেশের অর্থনীতির সঙ্গে জ্বালানি ব্যবহারের সম্পর্কের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের অর্থনীতি হচ্ছে একটি লং টুর্নামেন্ট, অযথা জ্বালানি পুড়িয়ে আজকেই সব শেষ করে দেব না।’

বিদ্যুৎ ব্যবহারে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান নাজমুল হোসেন শান্ত। দিনের প্রাকৃতিক আলো কাজে লাগিয়ে কৃত্রিম আলোর ব্যবহার কমানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘দিনের আলোয় যদি ঘর ভরে থাকে, তবে কৃত্রিম আলোর প্রয়োজন কী?’

শক্তি সঞ্চয়ের গুরুত্ব বোঝাতে মেহেদী হাসান মিরাজ চ্যাম্পিয়নদের উদাহরণ টেনে বলেন, ‘চ্যাম্পিয়নরা জানে কীভাবে শক্তি জমিয়ে রাখতে হয়।’

বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ মানুষের পাশাপাশি নিজেদেরও ভূমিকা রাখার কথা উল্লেখ করে তাসকিন বলেন, ‘এবার আমাদের পালা, বিদ্যুৎ সাশ্রয়ের পথে চলা।’

এক ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি সাশ্রয় সম্ভব বলেও সচেতন করেন শান্ত। তার ভাষায়, ‘জেনে রাখি, ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে প্রায় ৪ ইউনিট জ্বালানি সাশ্রয় হয়।’

ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য শক্তির ওপর আস্থা রাখার আহ্বান জানান তাসকিন। তিনি বলেন, ‘নবায়নযোগ্য শক্তিতে আস্থা রাখি।’

টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিদ্যুৎ সাশ্রয়ের বিকল্প নেই বলেও জানান মিরাজ ও শান্ত। তাদের যৌথ বক্তব্য, ‘টেকসই উন্নয়ন যদি চাই, বিদ্যুৎ সাশ্রয়ের বিকল্প নেই।’

সচেতনতামূলক বার্তার শেষাংশে তাসকিন, মিরাজ ও শান্ত সম্মিলিতভাবে বলেন, ‘নবায়নযোগ্য শক্তি জ্বালানি সংকট থেকে মুক্তি।’

এই বার্তার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার, অপচয় রোধ এবং ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন ক্রিকেটাররা।

Scroll to Top