বিদ্যুৎ সঙ্কটের কারণে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ | চ্যানেল আই অনলাইন

ফ্যাসিবাদ পুরো দেশকে ফোকলা করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কয়েক দিনের মধ্যেই দেশে চলমান গ্যাস সংকটের সমাধান হবে। বিদ্যুতের সংকটে মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সরকার দ্রুত পরিস্থিতি সমাধানে কাজ করছে।

শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদ পুরো দেশকে ফোকলা করে দিয়ে গেছে। কয়েক দিনের মধ্যেই গ্যাস সমস্যার সমাধান হবে। দেশের মানুষ বিদ্যুতের জন্য কষ্ট করছে, এর জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি, দ্রুত এর সমাধান হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণের জন্য কাজ করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, আগামী ১০ বছর দেশের জ্বালানি ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সরকারের পরিকল্পনা আগামী সংসদ অধিবেশনে তুলে ধরা হবে।

যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের সংসদে এসে নিজেদের পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেসব রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বলব সংসদে পরিকল্পনা দেন। রাস্তায় বিশৃঙ্খলা করার দিন শেষ।’

সমালোচকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সমালোচনা করা খুব সহজ। মুরোদ থাকলে মাঠে নামুন, মানুষের জন্য কাজ করেন। যারা বড় বড় কথা বলছেন, তাদের গত ১৭ বছর রাজপথে খুঁজে পাওয়া যায়নি।

রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে ভুল করেছেন, ১৯৯৬ সালেও ভুল করেছেন, ২০২৬ সালেও বিভ্রান্ত করছেন।’

Scroll to Top