আর মাত্র কয়েকটা দিন। এরপরই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন কিংবদন্তি লিওনেল মেসি। বুয়েনস এইরেসে বেনিনের বিপক্ষে সেই বিদায়ী ম্যাচকে সামনে রেখে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এরই মধ্যে দেশে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ৬ অক্টোবর ভোর ৫টায়। দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের পর এই ম্যাচ দিয়েই জাতীয় দলের অধ্যায়ের ইতি টানার কথা ৩৯ বছর বয়সী মেসির।
মেসির ফেরার সঙ্গে সঙ্গে বুয়েনস এইরেসে বাড়ছে বিদায়ের আবহ। মনুমেন্টালে ৮৫ হাজার দর্শকের সামনে তাকে শেষবার আর্জেন্টিনার জার্সিতে দেখার অপেক্ষা চলছে। মেসির বিদায়ে নানান প্রস্তুতি নিয়েছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।
মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত জানান গত আগস্টে। অবসরের ঘোষনায় মেসি বলেন, ‘ফাইনালের পর এতদিন ধরে বিষয়টি নিয়ে অনেক ভাবনাচিন্তার পর, আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি…।’
আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। জিতেছেন ২০২২ বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা।




