আওয়ামী লীগকে সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
তিনি বলেন, ‘এখনও সময় আছে, ৭ তারিখ অনেক দূরে। আপনারা ভাবুন, আলোচনায় বসুন, চিন্তা করুন, সংলাপ করুন। হিংস্রাত্মক সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসনু।’
শুক্রবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ ভয় পাচ্ছে বলেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিচ্ছেনা। যে যত কথাই বলুক না কেন, মূল কারণ তো এটাই। ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। আপনারা (আওয়ামী লীগ) এই নির্বাচন সুষ্ঠু করে দিন। এমনও হতে পারে বাংলাদেশের মানুষ খুশি হয়ে আবার আপনাদেরই ভোট দেবে। বাংলাদেশের মানুষের যে চরিত্র এবং মনস্তাত্ত্বিক অবস্থা সেটা উপলব্ধি করে আপনারা রাজনীতি করুন।’
বিএনপির এই নেতা বলেন, ‘আজকের যে পরিবেশ পরিস্থিতি সেখানে মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। কোন আধুনিক সমাজ এভাবে বসবাস করতে পারে। ১৭৭১ সাল থেকে আজকে আড়াইশো বছর পেরিয়ে গিয়ে আজকের সরকার কি মানব সভ্যতার পেছনের দিকে হাঁটছে? যেখানে ১৭৭১ সালে সংবাদপত্রে জবাবদিহিতা নিশ্চিত করার ভূমিকা ব্রিটিশ সরকার নিশ্চিত করেছিল। সেখানে আজকে আমরা সংবাদপত্রের টুটি চেপে ধরে আছে। তাদেরকে এই সরকার বলছে, তোমরা কথা বলতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা সারাদেশে একটি তামাশার নির্বাচন বর্জন করেছি, কিন্তু নির্বাচন বর্জন করিনি। আমরা জানি আজকের পরিবেশ পরিস্থিতি অত্যন্ত দুরুহ। তারপরও আমরা জানি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আজকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পেরেছে এজন্য তারা প্রশংসা পাবে। এবং আজকে আমরা সরকারের চোখে এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। এই চরম পরিস্থিতির মধ্যে সুস্থ নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।’
সরকারকে অনুরোধ জানিয়ে মঈন খান বলেন, ৭ তারিখ এসে গিয়েছে। খুব বেশি দূরে নয়। আপনারা যেভাবে বানরের পিঠা বেচার নির্বদচনের আয়োজন করেছেন, নির্বাচনের আগেই সব সিটের ফলাফল ইতিমধ্যে নির্ধারণ করে ফেলেছেন। এখনো সময় আছে এই অপবাদ থেকে বেরিয়ে আসুন। আপনারা নিরপেক্ষ নির্বাচন দিন এতে করে বিএনপি সুনাম হবে না। সুনাম আওয়ামী লীগেরই হবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।





