জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে গতকাল বৃহস্পতিবার পৃথক পাঁচ মামলায় আদালতের রায়ে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর আরও ৭৭ জনের সাজা হয়েছে। দণ্ডিত নেতা–কর্মীদের মধ্যে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রয়েছেন।
এ নিয়ে গত সাড়ে ৪ মাসে ৭৮ মামলায় ১ হাজার ২২২ জনের সাজা হয়েছে। দণ্ডিত ব্যক্তিদের বেশির ভাগ বিএনপির নেতা–কর্মী। এর মধ্যে কয়েকজনের একাধিক মামলায় সাজা হয়েছে।
গতকাল যে পাঁচটি মামলার রায় হয়েছে, সেগুলো ২০১১, ২০১৩ ও ২০১৮ সালে করা। রাজধানীর মতিঝিল, তেজগাঁও, শাহজাহানপুর, বনানী ও ক্যান্টনমেন্ট থানায় এসব মামলা হয়। পৃথকভাবে করা এসব মামলায় বেআইনি সমাবেশ, পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলা, যানবাহন ভাঙচুর, আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে চারটি মামলার বাদী পুলিশ, একটির বাদী একজন গাড়িচালক।




