ঢাকা, ২০ ফেব্রুয়ারি – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান তার বাবার ব্যক্তিগত ও রাজনৈতিক আদর্শ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি বাবাকে তার জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ হিসেবে উল্লেখ করেছেন। জাইমা রহমান লিখেছেন, ছোটবেলায় সবার মনেই এই বিশ্বাস জন্মে যে, বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।
তিনি তার বাবাকে তার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ হিসেবে আখ্যায়িত করেন। তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমানই সেই ব্যক্তি, যার ওপর তিনি যেকোনো পরিস্থিতিতে নিশ্চিন্তে ভরসা করতে পারেন। পোস্টের শেষ দিকে জাইমা রহমান আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তারেক রহমানের গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তিনি আনন্দ প্রকাশ করে বলেন, সমগ্র বাংলাদেশ অবশেষে তার বাবার অনন্য গুণাবলি প্রত্যক্ষ করবে। জাইমার বিশ্বাস, তারেক রহমানের মাঝে থাকা অসাধারণ গুণাবলিই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে।
এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬







