স্বপ্নটা অনেক বড় ছিল খন্দকার আরিফ হোসেনের। সাতক্ষীরা জেলা দলে খেলতেন, তবে চেয়েছিলেন দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলার হতে। ঢাকার ফুটবলে আবাহনী, মোহামেডানের মতো ক্লাবে তো বটেই, পরতে চেয়েছিলেন জাতীয় দলের জার্সিও।
কিন্তু সব স্বপ্ন কি আর পূরণ হয়? আরিফ হোসেনের সে স্বপ্নও হয়নি। তবে এখন তাঁর আনন্দের সীমা নেই। তাঁর সেই অপূর্ণতা যেন তিনি পূরণ করে ফেলেছেন মেয়ে আফঈদা খন্দকারকে দিয়ে। মেয়েদের জাতীয় ফুটবল দলে খেলছেন আরিফ হোসেনের কন্যা। তাঁর অধিনায়কত্বেই মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
গত সপ্তাহে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের মহানাটকীয় ফাইনালের পর আরিফ হোসেন কন্যা আফঈদাকে নিয়ে তাঁর স্বপ্নের কথা বলছিলেন, ‘আমি নিজে বড় ফুটবলার হতে চেয়েও পারিনি। কিন্তু আমার মেয়ে জাতীয় দলের জার্সি পরেছে, ওর নেতৃত্বেই দেশ জিতেছে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের শিরোপা। আমার অপূর্ণতা মেয়েটা মিটিয়ে দিয়েছে। আমি যে কত খুশি, সেটি বলে বোঝাতে পারব না। আমি আফঈদার বাবা, কিন্তু দলের সবাই আমার সন্তান, খুব আদরের সন্তান।’



