
ঢাকা, ২০ জানুয়ারি – বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান অভিযোগ করে বলেছেন, ‘বাংলাদেশ থেকে রাজনীতিকে নির্বাসনে দেওয়া হয়েছে। এখন চলছে শুধু ক্ষমতা আর অর্থের রাজনীতি। গত ১৫ বছর ধরে বিরোধী দলকে সরকার একটি সন্ত্রাসী দল হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করেছে। জঙ্গি সংগঠন বলেছে। তাদের এ কথা এবার কোনো কাজে দেবে না।’
শনিবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে পেশাজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট। সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন।
এসময় মঈন খান বলেন, ‘আজ আমরা কোন সাম্রাজ্যে বসবাস করছি! স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র আর তৎকালীন পূর্বপাকিস্তানের দারিদ্র্য মানুষের অর্থনৈতিক মুক্তি। ৯ মাসে যুদ্ধ করেছিলাম আমরা সাম্যের আশায়। ৫২ বছর আগে আমরা যে মূল্যের জন্য স্বাধীনতা করেছি তবে আজ কেন বলতে হয় আমাদের গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই।’
‘কেউ যদি মুক্তির কথা বলে, গণতন্ত্রের কথা বলে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এজন্যই কী আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম’? এমন প্রশ্ন রাখেন বিএনপির এ নেতা।
তিনি বলেন, ‘আজকের এ আন্দোলন কিন্তু বিএনপি বনাম আওয়ামী লীগ নয়। আজকের আন্দোলন নিরস্ত্র জনগণ বনাম রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগতকারী দলের। ২৮ অক্টোবরের ঘটনা বিশ্ব কীভাবে দেখেছে সেটা দেখতে হবে। তারা কী বলছে। তারা বলছে ২৮ অক্টোবর সরকার ক্রাকডাউন করেছে বিরোধীদলের ওপর। ৭ জানুয়ারি নির্বাচন নিয়ে বিশ্ব বলছে এটা সুষ্ঠু নির্বাচন হয়নি।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ অনেক নাম পরিবর্তন করতে পারলেও নিজেদের নাম পরিবর্তন করতে পারেনি। তাদের আওয়ামী লীগ শব্দটি উর্দু। আওয়ামী মুখে যা বলে তা করে না। যা বলে না তাই করে।
মঈন খান বলেন, ‘রাজনীতি এখন ক্ষমতার উৎস। আওয়ামী লীগ ১৫ বছর ধরে ক্ষমতায় আছে, আরও ১৫ বছর ক্ষমতায় থাকতে পারে। কারণ আওয়ামী লীগ বিশ্বাস করে বাংলাদেশটা তাদের পারিবারিক জমিদারি। তারা বলে আজীবন ক্ষমতায় থাকবে। আমরা নির্বাচন ঠেকাতে পারিনি এটা সত্য, তবে এ দেশের ১৮ কোটি জনগণ ও ১২ কোটি ভোটারের মন ঠিকই জয় করতে পেরেছি।’
এসময় উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২০ জানুয়ারি ২০২৪






