বাংলাদেশ থেকে আম আমদানি করতে চায় চীন – DesheBideshe

বাংলাদেশ থেকে আম আমদানি করতে চায় চীন – DesheBideshe

ঢাকা, ২০ মার্চ – বাংলাদেশ থেকে কৃষিপণ্য বিশেষ করে আম কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে চীন। পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকারের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী এবং চীনের রাষ্ট্রদূত ব্যবসা-বাণিজ্য, কৃষি পণ্য রফতানি, অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন প্রকল্প, বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় ইয়াও ওয়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের আইসিটি, জ্বালানি খাত ও অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

শহিদুজ্জামান সরকার বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং উন্নয়ন অংশীদার। ভবিষ্যতে দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশা করেন তিনি।

তিনি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় হলো উন্নয়নের কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। জনগণের জীবনমান উন্নয়নে পরিকল্পনা মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

শহীদুজ্জামান সরকার বলেন, কর্ণফুলী টানেল, পদ্মাসেতু নির্মাণে কারিগরি সহযোগিতা, ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পে চীন সবসময় বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে। এ সময় তিনি চীনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২০ মার্চ ২০২৪

Scroll to Top