বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট: প্রথম সেশনে তামিম ঝড় – Sarabangla

বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট: প্রথম সেশনে তামিম ঝড় – Sarabangla

আবুধাবি টেস্টের প্রথম সকালটা একাই প্রানবন্ত করে তুললেন তানজিদ হাসান তামিম। টেস্ট ক্রিকেটেও ওয়ানডের মেজাজ! আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের প্রথম সেশনে রীতিমতো ঝড় তুললেন বাংলাদেশি ওপেনার। তার আগ্রাসী ব্যাটিংয়ে শতরানের উদ্বোধনী জুটিতে পেয়েছে বাংলাদেশ। সেঞ্চুরির সম্ভাবনাও জাগিয়েছিলেন তানজিদ। কিন্তু শেষ পর্যন্ত থেমেছেন ৮৩ রানে। তাতে অবশ্য আবুধাবিতে বাংলাদেশের দাপট কমেনি; টেস্টের প্রথম সেশন শেষে বাংলাদেশ ১৩৪/১।

শুক্রবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই আফগান বোলারদের ওপর চড়াও হন তামিম। মাত্র ৪১ বলেই পূর্ণ করেন নিজের ফিফটি। বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে সাজানো ইনিংসে রান তোলার সেই গতি ধরে রাখেন পরেও। তার অপর ওপেনিং পার্টনার সাদমান ইসলাম খেলছিলেন দেখেশুনে।

দুজনের সাবলীল ব্যাটিংয়ে মাত্র ১৮ ওভারেই ১০০ রান তুলে ফেলে বাংলাদেশ। টেস্টে ওপেনিং জুটিতে বাংলাদেশের এমন শতরান দেখা গিয়েছিল গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে। তামিম ব্যাটিং দাপটে সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৭১ বলে ৮৩ রান করে তাকে থামান আফগান বোলার ইসমত আলম। ঝোড়ো ইনিংসটি থামলেও ততক্ষণে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় বড় রান। প্রথম সেশনে আফগানিস্তানের একমাত্র সাফল্য ওই উইকেটটিই।

তামিম ফিরে গেলেও সাদমান নিজের মতো করেই ব্যাট করছিলেন। প্রথম সেশন শেষে ৪১ রানে অপরাজিত ছিলেন অভিজ্ঞ ওপেনার। অন্যদিকে মুমিনুল হক ৫ রান নিয়ে সেশন শেষ করেছেন।

এই ম্যাচে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তের পেছনে আবুধাবির উইকেটের চরিত্র ভূমিকা রেখেছে। বাংলাদেশ দলে তিন স্পিনার—মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান—রেখে একাদশ সাজানো হয়েছে। ধারণা করা হচ্ছে ম্যাচের শেষ দিকে উইকেট মন্থর হতে পারে।

Scroll to Top