বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। জলবায়ু পরিবর্তন, নিরাপত্তাসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়াতে আগ্রহী ওয়াশিংটন। পাশাপাশি বেসরকারি খাতেও অংশীদারিত্ব বাড়াবে দেশটি।
সোমবার (২২ জানুয়ারি) রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের সংবাদ ব্রিফিংয়ে মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এই কথা জানান।
ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক সম্প্রতি বাংলাদেশের সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বিবৃতির কথা উল্লেখ করেন।
ওই বিবৃতি অনুযায়ী, একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারি কিভাবে জোরদার করবে তা জানতে চাওয়া হয়।
জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারি জোরদারে বেশ কয়েকটি উদ্যোগ আছে। আমরা এই সম্পর্ক জোরদারে উদ্যোগ নেওয়া অব্যাহত রাখব।’
তিনি বলেন, আমরা আগেই বলেছি, গত বছর ছিল আমাদের সম্পর্কের অর্ধশত বছর। সরকারের বাইরের বিভিন্ন পক্ষের সঙ্গেও আমাদের সহযোগিতার সুযোগ আছে। সম্পর্ক জোরদারে এই সহযোগিতাকেও আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি।



