বাংলাদেশের আরব আমিরাত সফরের ভেন্যু চূড়ান্ত – Sarabangla

বাংলাদেশের আরব আমিরাত সফরের ভেন্যু চূড়ান্ত – Sarabangla

এশিয়ান গেমস শেষ হওয়ার পরই সামনে অপেক্ষা করছে আরেক ব্যস্ত ক্রিকেট সূচি। জাপান থেকে সংযুক্ত আরব আমিরাতে ফিরেই টেস্ট আর ওয়ানডে নিয়ে ব্যস্ত হয়ে পরতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ।

এতোদিন জানা গিয়েছিল সংযুক্ত আরব আমিরাতে হবে সিরিজের ম্যাচগুলো। আজ ভেন্যুর নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিজ্ঞপ্তিতে সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি।

আগামীকাল ১ অক্টোবর বাংলাদেশ দলের একাংশ আমিরাতের উদ্দেশে রওনা হবে। সেখানে পৌঁছে ৪ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এশিয়ান গেমসে থাকা ক্রিকেটাররা ৬ অক্টোবর জাপান থেকে দুবাইয়ে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।

এরপর দল যাবে আবুধাবিতে। সেখানকার শেখ জায়েদ স্টেডিয়ামে ৯ অক্টোবর শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট।

টেস্টের পর বিশ্রামের খুব বেশি সময় নেই বাংলাদেশের। ১৭ অক্টোবর থেকে শুরু হবে আফগানিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ম্যাচটি হবে আবুধাবিতে।

২৩ অক্টোবর শারজাহতে হবে সিরিজের শেষ ম্যাচ। ২৪ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের।

Scroll to Top