যার গোলে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র, তাকেই মাঠ ছাড়তে হলো লাল কার্ড দেখে। ২০ মিনিটের মধ্যে ফোলারিন বালোগান দেখলেন মুদ্রার দুই পিঠই। শেষ পর্যন্ত বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬তে পা রেখে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।
সান ফ্রান্সিসকোতে ম্যাচের শুরু থেকেই ছিল স্বাগতিকদের দাপট। বেশ কিছু সুযোগ এলেও প্রথমার্ধে গোলের দেখা পাচ্ছিল না তারা। গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে লিড নেয় যুক্তরাষ্ট্র।
৪৫তম মিনিটে বালোগানের দারুণ এক গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ১-০ গোলের লিড নিয়ে হাফ টাইমে যায় তারা।
দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটের সময় লাল কার্ড দেখেন সেই বালোগানই। ভয়ঙ্কর এক ফাউল করায় তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। রাউন্ড অব ১৬তে তাই মাঠে নামা হচ্ছে না তার।
ম্যাচে আর ফিরতে পারেনি বসনিয়া। উল্টো ৮২ মিনিটে আরেকটি গোল হজম করে তারা। ফ্রি কিক থেকে করা মালিক তিলমানের গোলে শেষ ১৬ নিশ্চিত করে স্বাগতিকরা।
২-০ গোলের সহজ জয়ে রাউন্ড অব ৩২ এর বাঁধা পেরিয়ে পরের পর্বে চলে গেল যুক্তরাষ্ট্র।





