বলের আঘাতে স্টোকসের মুখে গুরুতর চোট – DesheBideshe

বলের আঘাতে স্টোকসের মুখে গুরুতর চোট – DesheBideshe

ইংল্যান্ড, ৬ ফেব্রুয়ারি – ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকার মাঝেই দুর্ঘটনার শিকার হয়েছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। বলের আঘাতে তার মুখে গুরুতর চোট লাগে। মুখের ডান পাশ কেটে গেছে, চোখের নিচে ফুলে কালচে দাগ পড়েছে এবং নাক দিয়ে রক্ত ঝরেছে। সতীর্থদের অনুশীলন পাশে দাঁড়িয়ে দেখার সময়ই এই ঘটনা ঘটে।

এই ঘটনার পরও বিষয়টি নিয়ে মজা করতে ভুলেননি স্টোকস। নিজের ক্ষত-বিক্ষত মুখের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে অট্টহাসির ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘বলের শক্তি কেমন হতে পারে আপনাদের দেখা উচিত।’ দুর্ঘটনার সময় নেটে কাউন্টি ক্লাব ডারহামের ক্রিকেটাররা অনুশীলন করছিলেন। তখন স্টোকস নিজে ব্যাটিং বা বোলিং করছিলেন না, শুধু পাশে দাঁড়িয়ে অনুশীলন দেখছিলেন।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, গত মাসে সিডনিতে শেষ অ্যাশেজ টেস্টের পর থেকে অ্যাডাক্টর ইনজুরির কারণে স্টোকস পুনর্বাসনে ছিলেন। এই মাসের শেষ দিকে চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া শেষ করে অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে ইংল্যান্ড লায়ন্স দলের অনানুষ্ঠানিক কোচ হিসেবে আবুধাবি যাওয়ার কথা ছিল তার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে তিনি আর সাদা বলের ক্রিকেট খেলেননি। সে কারণে আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্টোকস দলের বাইরে রয়েছেন।

ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্টোকস। আগামী জুনে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে তিনি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন। তার আগে ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডারের ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার কথা রয়েছে। সর্বশেষ অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারের পর ইংল্যান্ড অধিনায়ক স্টোকস বলেছিলেন, কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং তিনি টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যেতে চান।

সে সময় স্টোকস বলেছিলেন, এটি তার একার সিদ্ধান্ত নয়, তবে এমন কিছু হলে নিজের মতামত জানতে চাইলে তিনি ম্যাককালামের প্রতি পূর্ণ সমর্থনের কথাই জানাবেন। তিনি বলেন, ম্যাককালামের পাশে তিনি থাকবেন এবং তার সঙ্গে কাজ করতে পছন্দ করেন। তার মতে, ম্যাককালাম একজন দারুণ মানুষ এবং খুব ভালো কোচ।

এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top