পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিয়ের ৩৪ দিনের মাথায় সুফিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়। বমি ও পাতলা পায়খানায় (ডায়রিয়া) তাঁর মৃত্যু হয় বলে প্রচার করেছিলেন স্বামী শামসুল আলমসহ শ্বশুরবাড়ির লোকজন। লাশ উদ্ধারের প্রায় পাঁচ মাস পর ময়নাতদন্তের প্রতিবেদনে জানা গেল সুফিয়াকে হত্যা করা হয়েছে।
এরপর মঙ্গলবার রাতে নিহত সুফিয়ার স্বামী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে আটোয়ারী থানা–পুলিশ। আজ বুধবার বিকেলে তাঁকে আদালতে হাজির করেছে পুলিশ।
নিহত সুফিয়া আক্তার পঞ্চগড় সদর উপজেলার মীরগড় মোমিনপাড়া এলাকার দিনমজুর মো. জাফরুল্লাহর মেয়ে। গ্রেপ্তার শামসুল আলম জেলার আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের সুখ্যাতি-সৌলাপাড়া এলাকার ছুটু মোহাম্মেদের ছেলে।




