বর্ণিল আয়োজনে শুরু ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ – Sarabangla

বর্ণিল আয়োজনে শুরু ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ – Sarabangla

বর্ণিল সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে চার জাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’। রোববার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহায়তায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপের নারী দল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, আন্তর্জাতিক ক্রীড়া আসরের আয়োজক হওয়া বাংলাদেশের জন্য গর্বের বিষয়। এ ধরনের প্রতিযোগিতা অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে।

নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তরুণ সমাজকে গতিশীল করার পাশাপাশি ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে সার্বক্ষণিক নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের নারী ক্রীড়াবিদদের অধ্যবসায় ও নৈপুণ্য ভবিষ্যৎ প্রজন্মকে গভীরভাবে অনুপ্রাণিত করবে।’

সূচি অনুযায়ী, ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে লিগ পর্বের খেলা। এরপর ২১ অক্টোবর হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।

Scroll to Top