দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। চট্টগ্রাম ও মৌলভীবাজারের বন্যাকবলিত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণসহ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি।
সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নির্দেশনায় চট্টগ্রামে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাতকানিয়া উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন। এছাড়া বিমান বাহিনী স্টেশন শমশেরনগর থেকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বন্যাকবলিত পরিবারগুলোর মধ্যে শুকনো ও রান্না করা খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি ওষুধ বিতরণ করা হয়।

বাংলাদেশ বিমান বাহিনী জানিয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো সময় উদ্ধার অভিযান পরিচালনার জন্য বিমান বাহিনীর রেসকিউ টিম ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। এদিকে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিমান বাহিনীর ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল ইতোমধ্যে সক্রিয় করা হয়েছে।
বিমান বাহিনী বলেছে, দেশের জনগণের জানমাল রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় অতীতের মতো ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।






