
বগুড়া, ৯ এপ্রিল – বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী এই আসনের মোট ১৫১টি কেন্দ্রের সবকটির ভোট গণনা শেষে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। এছাড়া ফুলকপি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আল আমিন তালুকদার মাত্র ৫২৬ ভোট পেয়েছেন।
জেলা নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে এবারের উপনির্বাচনে মোট ৪৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ৩ হাজার ৭৩৬টি পোস্টাল ব্যালটের মধ্যে ১ হাজার ৬৮টি ভোট জমা পড়েছিল। পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও ধানের শীষের প্রার্থী আধিপত্য ধরে রেখে ৭১৬ ভোট নিজেদের ঝুলিতে পুরেছেন।
রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান ভোটগ্রহণ চলাকালে পুরো নির্বাচনি এলাকার পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ ছিল। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ র্যাব এবং বিজিবির পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন।
এনএন/ ৯ এপ্রিল ২০২৬





