
বুয়েনস আইরেস, ০৬ অক্টোবর-ফ্রি-কিক থেকে গোল করার ক্ষেত্রে নতুন এক ইতিহাসের খুব কাছে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়া আর্জেন্টাইন মহাতারকা এবার সর্বকালের সবচেয়ে বেশি ফ্রি-কিক গোলের রেকর্ডও নিজের করে নেওয়ার কাছাকাছি পৌঁছে গেছেন।
ফুটবলে মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর তুলনা নতুন কিছু নয়। গোল, অ্যাসিস্ট বা শিরোপার পাশাপাশি ফ্রি-কিক গোলের হিসাবেও দীর্ঘদিন ধরে দুই তারকার মধ্যে লড়াই চলছে। তবে একসময় এই তালিকায় রোনালদোর তুলনায় অনেক পিছিয়ে ছিলেন মেসি।
২০১৭ সালে মেসির চেয়ে রোনালদোর ফ্রি-কিক গোলের ব্যবধান ছিল প্রায় ২০টি। তখন রোনালদোর ফ্রি-কিক গোল ছিল ৫৩টি, আর মেসির ছিল ৩৪টি। সেই ব্যবধান মেসি কখনো কমাতে পারবেন কি না, তা নিয়েও সংশয় ছিল।
তবে বয়স বাড়ার সঙ্গে ফ্রি-কিক নেওয়ার কৌশলে বড় পরিবর্তন আনেন মেসি। এর ফলও তিনি পেয়েছেন দারুণভাবে। বর্তমানে তার ফ্রি-কিক গোলের সংখ্যা ৭৬টি। অন্যদিকে রোনালদোর ফ্রি-কিক গোল ৬৩টি।
বিশেষ করে ২০২৬ সালটি মেসির জন্য ফ্রি-কিকের দিক থেকে দারুণ যাচ্ছে। এ বছরই সরাসরি ফ্রি-কিক থেকে সাতটি গোল করেছেন তিনি। এর ফলে সর্বকালের সবচেয়ে বেশি ফ্রি-কিক গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন আর্জেন্টাইন তারকা।
এই পথচলায় মেসি পেছনে ফেলেছেন ব্রাজিলের একাধিক বিখ্যাত ফ্রি-কিক বিশেষজ্ঞকে। তাদের মধ্যে রয়েছেন জুনিনহো পার্নামবুকানো, রবার্তো দিনামিতে ও জিকো।
এখন মেসির সামনে আছেন আর মাত্র একজন। ব্রাজিলের সাবেক তারকা মার্সেলিনহো কারিওকা বর্তমানে সর্বকালের সবচেয়ে বেশি ফ্রি-কিক গোলদাতার তালিকার শীর্ষে আছেন। তাই আরও কয়েকটি নিখুঁত ফ্রি-কিক মেসিকে ফুটবল ইতিহাসের সেই শীর্ষস্থানেও বসিয়ে দিতে পারে।
এস এম/ ০৬ অক্টোবর ২০২৬




