ফক্সবরো, ২৭ মার্চ – ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হয়েছিল ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও ফ্রান্স। হাইভোল্টেজ এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি ব্রাজিল। ম্যাচে মোট তিনটি গোল হয়েছে। তবে গোলের চেয়ে ফাউল এবং কার্ডের ছড়াছড়ি ছিল বেশি। দুই দল মিলে মোট ২৪ বার ফাউল করেছে। এর মধ্যে ব্রাজিল ৪টি এবং ফ্রান্স ৩টি হলুদ কার্ড দেখেছে। ফরাসি সেন্টারব্যাক দায়োত উপামেকানো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স। তবুও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় সেলসাওরা।
এর ফলে নিরপেক্ষ ভেন্যুতে ১৯৫৮ বিশ্বকাপ সেমিফাইনালের পর ফ্রান্সের বিপক্ষে জয়বঞ্চিত থাকার ধারা থেকে বের হতে পারল না তারা। ম্যাচ হারলেও দলের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ম্যাচ হারলে কেউ খুশি হয় না। তবে এই ফলাফলে তিনি অর্ধেক সন্তুষ্ট। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণ লড়াই করেছে ব্রাজিল। বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়র এবং রাফিনিয়াদের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ। আনচেলত্তি মনে করেন, এই ম্যাচ প্রমাণ করেছে যে বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার সামর্থ্য ব্রাজিলের রয়েছে।
এদিকে নেইমার জুনিয়রের দলে না থাকা নিয়ে চলমান বিতর্কের বিষয়েও কথা বলতে হয়েছে তাকে। জিলেট স্টেডিয়ামে উপস্থিত ৬৫ হাজার দর্শক নেইমারের নামে স্লোগান দিলেও আনচেলত্তি বর্তমান স্কোয়াডের খেলোয়াড়দের দিকেই মনোযোগ দিতে চান। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, যারা দলে নেই তাদের নিয়ে কথা বলার সময় এটি নয়, বরং ক্রোয়েশিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচের প্রস্তুতিতেই পুরো দলের মনোযোগ থাকা উচিত।
এস এম/ ২৭ মার্চ ২০২৬







