মাগুরায় ফেসবুক লাইভে এসে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধরের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নাইমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) বিকালে মাগুরা শহরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শুক্রবার দুপুরে শহরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় প্রাইভেটকারকে সাইড দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে পুলিশ সদস্য ইমরানের সঙ্গে নয়নের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নয়ন ফেসবুক লাইভে এসে ইমরানকে প্রকাশ্যে মারধর করেন।
ঘটনার পর শুক্রবার প্রথম দফায় নয়নকে আটক করে সদর থানা পুলিশ। তবে ওই রাতেই প্রভাবশালী এক বিএনপি নেতা তাকে থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেন বলে জানা গেছে। বিষয়টি জানাজানি হলে পুলিশের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে গণমাধ্যমেও ঘটনাটি প্রকাশ পায়।
এরপর শনিবার বিকালে সদর থানা পুলিশ নয়নকে আবারও আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ বিকালে মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
গ্রেপ্তার নাইমুজ্জামান নয়ন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি জেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। তার বাড়ি মাগুরা শহরের ভায়না এলাকায়।
