ফেনসিডিলসহ গ্রেফতার জলঢাকা পৌর ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গ্রেফতারের একদিন পর তাকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি আপেল ও সাধারণ সম্পাদক মাসুদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা নীলফামারী জলঢাকা উপজেলার কলেজ পাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে রাজু আহম্মেদ রাজন (২৬)। তিনি জলঢাকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
অব্যাহতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও এবং অনৈতিক কার্যকলাপে জড়িত থাকায় অভিযোগে তাকে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল রহমান শাহ আপেল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে অব্যহাতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিন বোতল ফেনসিডিলসহ ওই ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করে লালমনিরহাটের হাতিবান্ধা থানা পুলিশ। পরে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যম কারাগারে পাঠানো হয়।





