ফিলিস্তিন ইস্যুতে ফের সরব মিসর কোচ, ‘যে ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেনি তার মানবতাই নেই’

ফিলিস্তিন ইস্যুতে ফের সরব মিসর কোচ, ‘যে ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেনি তার মানবতাই নেই’

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে আবারও ফিলিস্তিনের চলমান মানবিক সংকট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফিলিস্তিনিদের দুর্ভোগ উপেক্ষা করা মানবতার পরিপন্থী।

হোসাম হাসান বলেন, ‘যে মানুষ ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেনি, তার মধ্যে মানবতা নেই।’ তার মতে, যুদ্ধ ও সংঘাতের শিকার সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা দেখানো রাজনৈতিক অবস্থান নয়, বরং মানবিক দায়িত্ব।

তিনি বলেন, বিশ্বের অনেক মানুষ নিরাপদ পরিবেশে জীবনযাপন করলেও ফিলিস্তিনের অসংখ্য পরিবার প্রতিনিয়ত অনিশ্চয়তা ও ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। বিশেষ করে শিশুদের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ আশ্রয় ও স্বাভাবিক জীবন থেকে তারা বঞ্চিত হচ্ছে। সংবাদ সম্মেলনে মিসর কোচ আরও বলেন, ধর্ম বা জাতিগত পরিচয় নয়, সবার আগে মানুষ হিসেবে একে অপরের পাশে দাঁড়ানো উচিত।

হোসাম হাসান বলেন, ‘আমরা মাথার ওপর ছাদ পাই, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থাকি। কিন্তু ফিলিস্তিনের মানুষ, বিশেষ করে শিশুরা, সেই নিরাপত্তাটুকুও পায় না। তারা মুসলিম হোক বা খ্রিস্টান সবাই মানুষ। তাদের প্রতি আমাদের সহমর্মিতা থাকা উচিত। এখানে বৃষ্টি হলে আমরা আশ্রয় খুঁজি। কিন্তু সেখানে আশ্রয়ই নেই। মানবজাতি হিসেবে আমাদের লজ্জিত হওয়া উচিত। আমরা সবাই একই রকম মানুষ, অথচ অনেকেই অন্যদিকে তাকিয়ে থাকি।’

মিশর কোচ বলেন, ফুটবল শুধু প্রতিযোগিতার মঞ্চ নয়, এটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ারও একটি শক্তিশালী মাধ্যম। তিনি বলেন, ‘আমি ফুটবলকে একটি বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করতে চাই। আমরা চাই ফিলিস্তিনের মানুষ তাদের স্বাভাবিক জীবন ফিরে পাক। আমরা ফিফার লোগো সম্মানের সঙ্গে ধারণ করি, কারণ আমরা মানুষের প্রতিও সম্মান দেখাতে চাই। জীবনের ক্ষেত্রেও ‘ফেয়ার প্লে প্রতিষ্ঠিত হওয়া উচিত।’

বিশ্বকাপে মিসরের ঐতিহাসিক পারফরম্যান্সের মধ্যেও ফিলিস্তিন ইস্যুতে হোসাম হাসানের ধারাবাহিক অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এর আগে শেষ ষোলো নিশ্চিত করার পরও ফিলিস্তিনের পতাকা হাতে উদযাপন করে নজর কাড়েন তিনি।

এদিকে বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে কঠিন লড়াইয়ের অপেক্ষায় রয়েছে মিসর।

Scroll to Top