ফিফা লাইভ র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবনতি, শীর্ষে ফ্রান্স – DesheBideshe

ফিফা লাইভ র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবনতি, শীর্ষে ফ্রান্স – DesheBideshe


ফিফা লাইভ র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবনতি, শীর্ষে ফ্রান্স – DesheBideshe

প্যারিস, ১২ জুলাই – বিশ্বকাপ চলাকালীন মাঠের লড়াইয়ে অপরাজিত থাকলেও ফিফার লাইভ র‌্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচভিত্তিক লাইভ পয়েন্টের হিসেবে আলবিসেলেস্তেদের টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্পেন। এর ফলে বিশ্বকাপের শুরুতে শীর্ষে থাকা আর্জেন্টিনা বর্তমানে তালিকার তিন নম্বরে নেমে গেছে।

লাইভ পরিসংখ্যান অনুযায়ী ১৯৪৮.৯৭ পয়েন্ট নিয়ে তালিকার সবার উপরে অবস্থান করছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে থাকা স্পেনের সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ১৯৩৪.৭৯ পয়েন্টে। অন্যদিকে ১৯২৫.১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। তালিকার চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১৮৭১.৩৮।

এদিকে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও র‌্যাঙ্কিংয়ে কিছুটা উন্নতি হয়েছে ব্রাজিলের। টুর্নামেন্টে অর্জিত রেটিং পয়েন্টের সুবাদে ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের বর্তমান লাইভ পয়েন্ট ১৮০৪.৯৩। উল্লেখ্য যে এই তালিকাটি ফিফার আনুষ্ঠানিক কোনো ঘোষণা নয়।

প্রতিটি ম্যাচের ফলাফলের পর নির্ধারিত গাণিতিক সূত্রে পয়েন্ট যোগ বিয়োগ করে এই লাইভ অবস্থান নির্ণয় করা হচ্ছে। ফিফা সর্বশেষ আনুষ্ঠানিক র‌্যাঙ্কিং প্রকাশ করেছিল গত ১১ জুন এবং পরবর্তী তালিকা প্রকাশিত হবে আগামী ২০ জুলাই। ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর ফলের ওপর ভিত্তি করে এই অবস্থানের আরও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

আর্জেন্টিনার এই অবনমনের মাঝে সমর্থকদের জন্য একটি কৌতূহলোদ্দীপক পরিসংখ্যান রয়েছে। ১৯৯২ সালে ফিফা র‌্যাঙ্কিং প্রবর্তনের পর থেকে এখন পর্যন্ত কোনো দেশ শীর্ষস্থান নিয়ে বিশ্বকাপ আসর শুরু করে শিরোপা জিততে পারেনি। ২০২৬ বিশ্বকাপের আগে শীর্ষস্থান দখল করা আর্জেন্টিনা সেই অদ্ভুত ইতিহাস ও গাণিতিক ধারা ভাঙতে পারে কি না সেটিই এখন দেখার বিষয়।

এস এম/ ১২ জুলাই ২০২৬



Scroll to Top