আগামী ১৫ জানুয়ারি লন্ডনে অনুষ্ঠিত হবে ‘ফিফা দ্য বেস্ট’-এর পুরস্কার বিতরণী। সেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ২০২৩ সালের বর্ষসেরা ফুটবলার ও কোচদের নাম। আজ বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ফিফা। এতে লিওনেল মেসির সঙ্গে আছেন আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপ্পে। একই দিন ঘোষিত বর্ষসেরা নারী ফুটবলারের তালিকায় নাম এসেছে স্পেনের আইতানা বোনমাতি, কলম্বিয়ার লিনদা কাইসেদো ও স্পেনের আরেক তারকা হাভিয়ের এরমোসোর।
সেরা খেলোয়াড় ও কোচ নির্বাচনে ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে এ বছরের ২০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হচ্ছে।
এর আগে এ পুরস্কারের জন্য প্রাথমিকভাবে ১২ ফুটবলার ও ৫ কোচকে বেছে নিয়েছিলেন ফিফার বিশেষজ্ঞ প্যানেল। সেই তালিকা থেকে আন্তর্জাতিক জুরি বোর্ড বেছে নিয়েছেন সংক্ষিপ্ত তালিকা। এই জুরি বোর্ডে আছেন সব জাতীয় দলের অধিনায়ক ও কোচ, ফুটবল সাংবাদিক ও ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে ভোট দেওয়া ফুটবলভক্তরা।





