ফাইল আটকে রাখার অভিযোগ পেলে ছাড় নয়: দীপু মনি

ফাইল আটকে রাখার অভিযোগ পেলে ছাড় নয়: দীপু মনি

প্রান্তিক জনগোষ্ঠীর সেবা করাই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মূল কাজ উল্লেখ্য করে সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি বলেছেন, যদি এই মানুষদের কাজ করতে গিয়ে কোথাও ফাইল আটকে রাখার অভিযোগ পাই। তাহলে কোনো ছাড় দেওয়া হবে না

রোববার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সমাজকল্যাণ অধিদফতরের ৫৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, সাধারণ তৃণমূল মানুষের সেবা, সুরক্ষা ও কর্মসংস্থানসহ নানাবিধ সুবিধা নিয়ে সমাজসেবা অধিদফতর কাজ করে থাকে। এ কাজ করতে গিয়ে কোথাও যেন কারও বিরুদ্ধে অভিযোগ শুনতে না পাই।‌ আমি রাজনীতির মানুষ। আমি সারা দেশ চষে বেড়ানোর মানুষ। জেলা-উপজেলা এমনকি গ্রামে‌ পর্যন্ত ঘুরে বেড়াব। সাধারণ মানুষের কাছ থেকে যেন শুনতে না পাই, আপনারা অমুক কর্মকর্তা সাধারণ মানুষকে সেবা দিতে হয়রানি করেছেন। ফাইল আটকে রেখেছেন।‌ এ ধরনের অভিযোগ পেলে ছাড় দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাহরণ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী এ বয়সেও দিনে ১৬-১৭ ঘণ্টা কাজ করতে পারেন। আপনাদের দিনে যে কর্মঘণ্টা তা যথাযথভাবে পালন করবেন এটাই আমাদের প্রত্যাশা থাকবে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সমাজে এখনও প্রান্তিক মানুষ আছে এবং সেই প্রান্তিকতা নানা কারণে। কোথাও ভৌগোলিক, কোথাও অবস্থানগত এবং সাম্প্রদায়িক কারণে। সেই প্রান্তিকতা দূর করার জন্য বঙ্গবন্ধু বৈষম্যহীন সমাজ চেয়েছিলেন। বঙ্গবন্ধুকন্যা কল্যাণমুখী রাষ্ট্র তৈরি করার জন্য কাজ করে চলছেন। তার মাধ্যমেই এই প্রান্তকিতা দূর করে, সমাজের পিছিয়ে পড়া প্রত্যেক মানুষকে উন্নয়নের যে মূলধারা আছে, সেখানে সম্পৃক্ত করতে চাই তাদের।

সমাজকল্যাণ অধিদফতরের মহাপরিচালক আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খায়রুল আলম শেখ‌।‌ অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হয়।

Scroll to Top