
ইসলামাবাদ, ০৫ অক্টোবর-পাকিস্তান ক্রিকেটে নতুন করে আলোচনায় এসেছিলেন শোয়েব আখতার। গুঞ্জন ছড়িয়েছিল, জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির সাবেক এই তারকা পেসার। তবে সেই খবর সরাসরি নাকচ করে দিয়েছেন শোয়েব।
সম্প্রতি ইংল্যান্ড সফর ঘিরে পাকিস্তান ক্রিকেটে ব্যাপক আলোচনা-সমালোচনার পর সম্ভাব্য পরিবর্তন নিয়ে নানা খবর সামনে আসতে থাকে। এর মধ্যেই শোয়েব আখতারকে প্রধান নির্বাচক করার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই পেসার স্পষ্ট করেছেন, পিসিবিতে কোনো দায়িত্ব নেওয়ার বিষয়ে তার সঙ্গে বোর্ডের কোনো আলোচনা হয়নি।
বরং এ ধরনের দায়িত্ব থেকে দূরে থাকার বিষয়ে নিজের মায়ের দেওয়া পরামর্শের কথাই আবার সামনে এনেছেন ৫১ বছর বয়সী শোয়েব। উপস্থাপক তাকে মনে করিয়ে দেন, এর আগে তিনি জানিয়েছিলেন—তার মা তাকে পিসিবি ও পাকিস্তানের রাজনীতি থেকে দূরে থাকতে বলেছিলেন।
জবাবে শোয়েব বলেন, “এরকম কিছুই হচ্ছে না। যা কিছু বলা হচ্ছে সবই অনুমাননির্ভর। আমি আমার বক্তব্যে অটল এবং (মায়ের) সেই পরামর্শেই অটল থাকব। এই দাবিগুলোর কোনো সত্যতা নেই। পিসিবিতে যাওয়ার ব্যাপারে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি আমার বক্তব্যে অবিচল। প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার বিষয়ে এই সমস্ত খবর শুনেছি আমিও। কিন্তু এগুলো সবই ভুয়া এবং এই ধরনের দাবির কোনো সত্যতা নেই। আমি শুধু পাকিস্তান ক্রিকেটের মঙ্গল চাই।”
শোয়েবের বক্তব্যে স্পষ্ট, পাকিস্তান ক্রিকেটের সঙ্গে কাজ করার ইচ্ছা তার থাকলেও সেটি পিসিবির আনুষ্ঠানিক কোনো পদে থেকে নয়। বোর্ডের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।
বর্তমানে দেশের বাইরে ছুটি কাটাচ্ছেন শোয়েব। পিসিবির দায়িত্ব নেওয়ার গুঞ্জনের মধ্যেই তিনি আরও জানান, বোর্ডের সঙ্গে কাজ না করেও দেশের ক্রিকেটের জন্য অবদান রাখার সুযোগ রয়েছে।
তিনি বলেন, “অবশ্যই পাকিস্তান ক্রিকেটের সেবা করতে চাই, কিন্তু আমি মনে করি, তা আরও অনেক উপায়েই করতে পারি।”
ফলে আপাতত পাকিস্তান ক্রিকেট বোর্ডে শোয়েব আখতারের যোগ দেওয়ার যে গুঞ্জন তৈরি হয়েছিল, তার অবসান ঘটালেন তিনি নিজেই। প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার খবরকেও সরাসরি ‘ভুয়া’ বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই গতিতারকা।
এস এম/ ০৫ অক্টোবর ২০২৬





