প্রথম দল হিসেবে এশিয়ান গেমসের শহরে বাংলাদেশ – Sarabangla

প্রথম দল হিসেবে এশিয়ান গেমসের শহরে বাংলাদেশ – Sarabangla

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই আয়োজক দেশ জাপানে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়া শহরে পর্দা উঠবে এশিয়ান গেমসের।

চীনের গুয়াংজুতে এক সপ্তাহের বেশি সময়ের প্রস্তুতি শেষে আজ সকালে জাপানের নাগোয়ার উদ্দেশ্যে রওনা হয় ঋতুপর্ণা চাকমাদের দল। স্থানীয় সময় রাত ৯টার দিকে নাগোয়া বিমানবন্দরে পৌঁছায় তারা।

বাংলাদেশ নারী ফুটবল দলের মূল ভেন্যু ওসাকায়। তবে এশিয়ান গেমসের অ্যাক্রিডিটেশন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে নাগোয়ায় যেতে হয়েছে দলটিকে। অ্যাক্রিডিটেশন কার্ড সক্রিয় করার পর রাতেই বাসযোগে ওসাকার উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ দল।

জাপানের আসন্ন প্রতিযোগিতাকে সামনে রেখে চীনের গুয়াংজুতে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। সেখানে একটি প্রস্তুতি ম্যাচে চোট পান নবীরন খাতুন। ফলে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন। নবীরন দলের সঙ্গে চীন থেকে জাপানে গেলেও তার পরিবর্তে ঢাকা থেকে নতুন একজন ফুটবলার পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশ ১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে অংশ নিচ্ছে। ২০২৩ সাল থেকে বাংলাদেশ নারী ফুটবল দল এ প্রতিযোগিতায় অংশ নেয়।

এবারের আসরটি তাই ঋতুপর্ণা-সানজিদাদের জন্য দ্বিতীয় এশিয়ান গেমস। এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পর আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী ফুটবল দল এবার জাপানের মাটিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত।

Scroll to Top