বিশ্ব গণিতের সর্বোচ্চ সম্মাননা হিসেবে পরিচিত ফিল্ডস মেডেল প্রথমবারের মতো জিতেছেন দুই চীনা গণিতবিদ। তারা হলেন হং ওয়াং এবং ইউ দেং। তাদের সঙ্গে এ বছরের এই সম্মাননা পেয়েছেন যুক্তরাষ্ট্রের জন পারডন এবং কানাডার জ্যাকব সিমারম্যান।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত সম্মেলনে এই পুরস্কার প্রদান করা হয়। প্রত্যেক বিজয়ী ১৫ হাজার কানাডীয় ডলার (প্রায় ১০ হাজার ৫০০ মার্কিন ডলার) অর্থ পুরস্কার পেয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হং ওয়াং ও ইউ দেং শতাধিক বছর ধরে অমীমাংসিত দুটি জটিল গণিত সমস্যার সমাধান করায় এই স্বীকৃতি অর্জন করেছেন। ৩৫ বছর বয়সী হং ওয়াং এই পদকপ্রাপ্ত ইতিহাসে মাত্র তৃতীয় নারী।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতির সময়ে গণিতে এই সাফল্য বিশেষ গুরুত্ব পাচ্ছে। খবরটি প্রকাশের পর চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ‘ফিল্ডস মেডেল’ এবং ‘প্রথম চীনা ফিল্ডস মেডেলজয়ী গণিতবিদ’ শিরোনামের হ্যাশট্যাগে লাখো মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন।
চীনের প্রখ্যাত গণিতবিদ এবং প্রথম জাতিগত চীনা ফিল্ডস মেডেলজয়ী শিং-টুং ইয়াও বলেন, চীনের গণিত সম্প্রদায়ের জন্য এটি এমন একটি স্বপ্ন, যা আমরা কয়েক দশক ধরে বাস্তবায়নের অপেক্ষায় ছিলাম।
হং ওয়াং ও তার সহকর্মী জশ জাল ১৯১৭ সালে জাপানি গণিতবিদ সোইচি কাকেয়া উত্থাপিত একটি বিখ্যাত সমস্যার সমাধান করেন।
সমস্যাটি ছিল, একটি পেন্সিলকে সম্পূর্ণ একবার ঘোরাতে গেলে সেটি সর্বনিম্ন কতটুকু ক্ষেত্রফল অতিক্রম করবে।
তারা সমস্যাটি দ্বিমাত্রিক সমতলের পরিবর্তে ত্রিমাত্রিক স্থানে বিশ্লেষণ করেন এবং গত বছর এ নিয়ে গবেষণাপত্র প্রকাশ করেন।
বার্তা সংস্থা এএফপিকে হং ওয়াং বলেন, এই ধারণাটি এত আকর্ষণীয় কারণ একই ধরনের গাণিতিক বৈশিষ্ট্য নানা ভিন্ন ক্ষেত্রের সমস্যায় স্বাভাবিকভাবেই দেখা যায়।
হং ওয়াংয়ের গবেষণার প্রধান ক্ষেত্র হারমোনিক অ্যানালাইসিস, যেখানে তরঙ্গের গতিবিধি নিয়ে গবেষণা করা হয়।
৩৭ বছর বয়সী ইউ দেং জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্টের ১৯০০ সালে উত্থাপিত বিখ্যাত ‘হিলবার্টের ষষ্ঠ সমস্যা’ সমাধানের জন্য এই সম্মাননা পেয়েছেন।
সমস্যাটির মূল প্রশ্ন ছিল, অসংখ্য ক্ষুদ্র কণার গতিবিধি থেকে কীভাবে একটি সামগ্রিক ব্যবস্থার আচরণ নির্ণয় করা সম্ভব।
ইউ দেং গ্যাসের আচরণ বিশ্লেষণের মাধ্যমে এই সমস্যার সমাধান দেন।
পুরস্কার পাওয়ার পর তিনি বলেন, যেসব মহান গণিতবিদকে সবসময় শ্রদ্ধা করেছি, তাদের তালিকায় নিজের নাম যুক্ত হওয়া সত্যিই বিরাট সম্মানের।
১৯৯১ সালে চীনের গুয়াংশি অঞ্চলের গুইলিন শহরে জন্মগ্রহণ করেন হং ওয়াং। শৈশবে তিনি প্রাথমিক বিদ্যালয়ে দুটি শ্রেণি অতিক্রম করে মাত্র ১৬ বছর বয়সে পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। শুরুতে পৃথিবীবিজ্ঞান বিভাগে ভর্তি হলেও পরে গণিত বিভাগে চলে যান।
এরপর তিনি ফ্রান্সের প্যারিস-সুদ বিশ্ববিদ্যালয় ও একোল পলিটেকনিক এবং পরে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্সের ইনস্টিটিউ দে ওত এতুদ সায়েন্টিফিক (আইএইচইএস)-এর অধ্যাপক।
পদক জয়ের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফোন করে তাকে অভিনন্দন জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, তিনি আমাদের গবেষণা ও শিক্ষাব্যবস্থার উৎকর্ষের প্রতীক।
অন্যদিকে ইউ দেং ছোটবেলা থেকেই গণিত অলিম্পিয়াডে অংশ নিতেন। ২০০৭ সালে পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও ২০০৯ সালে এমআইটিতে স্থানান্তরিত হন। পরে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করে ২০২৪ সাল থেকে ইউনিভার্সিটি অব শিকাগোতে অধ্যাপনা করছেন।
ফিল্ডস মেডেল প্রতি চার বছর অন্তর ৪০ বছরের কম বয়সী অসাধারণ গণিতবিদদের অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। এটি গণিতের নোবেল পুরস্কার হিসেবে ব্যাপকভাবে পরিচিত।





