পেলের চেয়েও তুমি ভালো খেলো—মেসির প্রশংসায় ট্রাম্প

পেলের চেয়েও তুমি ভালো খেলো—মেসির প্রশংসায় ট্রাম্প

মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির ঐতিহাসিক শিরোপা জয় উপলক্ষে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানানো হয়েছিল লিওনেল মেসিদের। সেই সাক্ষাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেসিকে বলেছেন, পেলেও চেয়েও ভালো খেলেন তিনি!

গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এমএলএস কাপের ট্রফি জেতে ইন্টার মায়ামি। স্মরণীয় সেই ট্রফি জয় উদ্‌যাপনে ক্লাবটির তারকাদের হোয়াইট হাউস সফরে আমন্ত্রণ জানানো হয়।

হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে মেসিসহ ইন্টার মায়ামি দলের বাকি সদস্যরা মঞ্চে দাঁড়িয়ে ছিলেন। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদমাধ্যমের সামনে তাদের সাফল্যের প্রশংসা করেন।

এই সময় পেলের প্রসঙ্গ টেনে ট্রাম্প মেসির উদ্দেশে বলেন, ‘আমার বোধ হয় এটা বলা উচিত নয়, কারণ আমি এখন বুড়ো হয়ে গেছি। কিন্তু আমি পেলেকে খেলতে দেখেছি। জানি না, তুমি হয়তো পেলের চেয়েও ভালো। অবশ্য পেলে নিজেও অসাধারণ ছিলেন।’

মেসিকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প আরও বলেন, ‘লিও তার অবিশ্বাস্য ক্যারিয়ারের ৪৭তম ট্রফি জিতেছে—যা সর্বকালের মধ্যে সবচেয়ে বেশি। তুমি চাইলে বিশ্বের যেকোনো ক্লাবে যেতে পারতে, যেকোনো দলে খেলতে পারতে। কিন্তু তুমি ইন্টার মায়ামিকেই বেছে নিয়েছ। এই যাত্রায় আমাদের সবাইকে সঙ্গী করার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই।’

ট্রাম্প আরও বলেন, ‘আমার ছেলে ব্যারন ট্রাম্প আমাকে বলল, “বাবা, আজ এখানে কে আসছে জানো?” আমি বললাম, “না, আমার তো অনেক কাজ চলছে।” সে বলল, “মেসি!” সে তোমার (মেসি) বড় ভক্ত। সে মনে করে তুমি দারুণ একজন মানুষ। আর একজন ভদ্রলোক আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো অসাধারণ, তুমিও অসাধারণ। তোমরা দুজনই মহান চ্যাম্পিয়ন—নিজ নিজ খেলায় দুর্দান্ত ক্রীড়াবিদ।’

Scroll to Top